যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে তারা কোনো প্রশ্ন করেনি, আমরাও কোনো উত্তর দিইনি।’ গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন শাম্মী আহমেদ।
তিনি আরও বলেন, “মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের ফরেন পলিসি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারা বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ও আন্তর্জাতিক নানান ইস্যু নিয়ে আমাদের চিন্তাভাবনা জানতে চেয়েছে। তারা জানতে চেয়েছে ভারত ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন, সাব-কন্টিনেন্টে যে দেশগুলো আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন এসব। আমরা আমাদের বিষয়গুলো তাদের জানিয়েছি। বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’, এটাই ফোকাস করা হয়েছে।”
আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বলেন, ‘তারা নিজেরাও স্বীকার করেছে, চীন একটি ইকোনমিক পাওয়ার। চীন আমাদের অর্থনৈতিক পার্টনার। তারা জানতে চাচ্ছে, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন। আমরা জানিয়েছি, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। আমাদের দুর্দিন ’৭১ সালে ভারত যেভাবে আমাদের পাশে ছিল, সেটাকে আমরা সম্মানের চোখেই দেখি। একই সঙ্গে ইউরোপ, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনার বিষয় ছিল।’
এর আগে বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক হয়।
এদিন বিকেল ৪টার দিকে কার্যালয়ে পৌঁছলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে ছিলেন ইউএস ইনস্টিটিউট ফর পিস (ইউএসআইপি)-এর প্রতিনিধি জেফরি ম্যাকডোনাল্ড, ডেন মার্কি ও ইশা গুপ্তা।
