খেলায় ফিরতে না ফিরতেই আবারও চোট ছোবল দিয়েছে কেন উইলিয়ামসনের শরীরে। বাংলাদেশের বিপক্ষে গতকাল ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। এক্স-রে তে তার আঙুলে চিড় ধরা পড়েছে। বিশ্বকাপের বাকি অংশে তাকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে লম্বা সময় পর নিউজিল্যান্ডের হয়ে মাঠে ফেরেন উইলিয়ামসন। চেন্নাইয়ে তার ব্যাটিং দেখে মনেই হয়নি তিনি এতদিন চোটের সঙ্গে লড়ছিলেন। চমৎকার ব্যাটিংয়ে দলের জয়ের মঞ্চ গড়ে দেন কিউই তারকা।
২৪৬ রানের লক্ষ্য তাড়ায় ৭৮ রান করে মাঠ ছাড়তে হয় তাকে চোট নিয়ে। ৩৮তম ওভারে সিঙ্গেলস নেওয়ার সময় ফিল্ডারের করা থ্রোতে বল এসে তার বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত হানে। প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিংয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করেন উইলিয়ামসন। কিন্তু পরের ওভারেই তাকে ছাড়তে হয় মাঠ।
এরপর আজ তার আঙুলে চিড় ধরা পড়ার কথা জানায় নিউজিল্যান্ড ক্রিকেট। বিশ্বকাপের শেষদিকে তাকে পাওয়ার আশা করছে দলটি। তাই তাকে রেখে দেওয়া হয়েছে দলের সঙ্গেই। কিউই কোচ গ্যারি স্টিডও শোনালেন আশার বাণী, ‘প্রথমত, হাঁটুর চোট থেকে ফিরে আসার জন্য কেনের এত কঠোর পরিশ্রমের পর এই চোটে (আঙুলের) পড়ায় আমাদের সবার খারাপ লাগছে।’
স্টিড আরও বলেন, ‘যদিও এটি হতাশাজনক খবর, তবে প্রাথমিক রোগ নির্ণয় আমাদের কিছু আশাবাদ দিয়েছে যে বিশ্রাম এবং পুনর্বাসনের মাধ্যমে সে এখনো টুর্নামেন্টে খেলতে পারে। কেন আমাদের দলের বিশাল অংশ এবং একজন বিশ্বমানের খেলোয়াড় ও অধিনায়ক। তাই আমরা তাকে টুর্নামেন্টে ফেরার জন্য যথাসাধ্য সুযোগ দেওয়ার চেষ্টা করব।’
উইলিয়ামসনের কাভার হিসেবে টম ব্লান্ডেলকে ভারতে উড়িয়ে আনছে নিউজিল্যান্ড। তবে আনুষ্ঠানিকভাবে এই কিপার-ব্যাটসম্যানকে এখনো স্কোয়াডে যোগ করেনি তারা।
