মুক্তাকে এমপি হিসেবে দেখতে চায় পঞ্চগড়বাসী

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১০:২৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তাকে সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চায় পঞ্চগড়বাসী। গতকাল শনিবার বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় উপস্থিত হাজারো মানুষ নাঈমুজ্জামান মুক্তাকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রদানের দাবি জানান। এই জনসভায় প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর জেলার আটোয়ারী পাইলট স্কুল মাঠ এবং ২৮ সেপ্টেম্বর তেঁতুলিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায়ও হাজার হাজার মানুষ এবার পঞ্চগড়-১ আসনে মুক্তাকে নৌকার মাঝি করার দাবি জানান।

অনেকেই বলছেন, অতীতে পঞ্চগড়ে কোনো রাজনৈতিক নেতার সমাবেশে এত মানুষ জমায়েত হয়নি। এসব জনসভাতে হাজার হাজার নারী-পুরুষ, তরুণ-তরুণী, কৃষক, শ্রমিকের উপস্থিতি মুক্তার প্রতি পঞ্চগড়-১ আসনের সাধারণ মানুষের আগাম রায়ের জানান দিচ্ছে।

জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমানের সভাপতিত্বে তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা এবং পঞ্চগড় জেলা আওয়ামী লীগের নেতারা গতকালের জনসভায় বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাঈমুজ্জামান মুক্তা বলেন, ‘ফিলিস্তিনের মজলুম মানুষের পক্ষে ইহুদিদের জুলুমের বিপক্ষে সাহসী প্রতিবাদী নেতার নাম শেখ হাসিনা। আর অন্যদিকে ফিলিস্তিনি নারী, শিশু, নিরীহ বেসামরিক মানুষের রক্তের দাগ মার্কিনিদের হাতে। যেমন করে ’৭১ ও ’৭৫-এ রক্তমাখা খুনিদের হাতে হাত মিলিয়েছিল আমেরিকা। আর তাই যেই আমেরিকা ইসরায়েলিদের বন্ধু, যেই আমেরিকা হিরো আলমের বন্ধু, তাদের ভিসানীতি, স্যাংশন বাংলার মানুষ তোয়াক্কা করে না। বাংলার মানুষ যেমন করে বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন তেমনি শেখ হাসিনার সঙ্গেও আছেন। গুজবে কান দেবেন না। যথাসময়েই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

জনসভায় অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম বলেন, ‘আমার বাড়ির পাশেই পঞ্চগড় চিনিকল মাঠ। এই মাঠে কত জনসভা দেখেছি হিসাব নেই। এই জনসভা অনন্য এক জনসভা। পঞ্চগড়ে অন্য রাজনৈতিক জনসভার চেয়ে এটা আলাদা হয়েছে কেননা আওয়ামী লীগ ছাড়াও পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, কৃতী খেলোয়াড়, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, তরুণ শিক্ষার্থী, হাজারো নারী, শ্রমিক, কৃষক এই সমাবেশে অংশ নিয়েছেন।’

উল্লেখ্য, নানা সৃজনশীল উদ্যোগ, তরুণদের চাহিদা অনুযায়ী ডিজিটাল ক্যাম্পেইন, তৃণমূল কর্মীদের বাড়িতে বাড়িতে রাত্রিযাপন ও পরিচ্ছন্ন ভাবমূর্তির জন্য নাঈমুজ্জামান মুক্তা পঞ্চগড়ে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছেন আওয়ামী লীগ নেতা মুক্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত