বিশ্ব কন্যাশিশু দিবস উপলক্ষে নবম শ্রেণির স্কুলছাত্রী মোহনা ত্রিপুরা এক ঘণ্টার জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। গতকাল রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
মোহনা ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের চেলাছড়া পাড়ার রুটিনাথ ত্রিপুরা ও হিরা ত্রিপুরার বড় মেয়ে। তিনি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
চেয়ারম্যানের প্রতীকী দায়িত্ব নেওয়ার আগে মোহনা ত্রিপুরাকে ফুল ও উত্তরীয় দিয়ে পরিষদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। পরে চেয়ারম্যান হিসেবে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন তিনি।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক ঘণ্টার প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালনের ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ও প্রতীকী চেয়ারম্যান মোহনা ত্রিপুরা। এ সময় পরিষদে বিভাগীয় প্রধানরা ছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক, আগ্রহী শিশু-কিশোরসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
