বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান চোট পেয়েছিলেন গত শুক্রবার। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে তিনি ঊরুর চোট নিয়ে ১০ ওভার বল করেন। ম্যাচ শেষের আগেই তাকে স্ক্যান করতে যেতে হয় হাসপাতালে। সেই চোট থেকে কতটা সেরে উঠেছেন, এখনো পুরোপুরি জানে না টিম ম্যানেজমেন্ট।
তবে তিন দিন টানা বিশ্রাম শেষে মঙ্গলবার অনুশীলনে ফিরেছিলেন সাকিব। নেটে প্রায় ৪৫ মিনিট ব্যাটিং ছাড়াও রানিং করেন তিনি। এরপর শঙ্কা কেটে যাওয়ার কথা। যদিও ম্যাচের আগের দিন প্রধান কোচ চ-িকা হাথুরুসিংহে জানিয়েছেন ভিন্ন কথা।
বুধবার সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন হাথুরুসিংহে। জানিয়েছেন, গতকাল আরেকবার স্ক্যান করানো হয়েছে। এই রিপোর্ট ভালো এলে তবেই খেলার অনুমতি পাবেন সাকিব।
যদি পুরোপুরি ফিট না হন সে ক্ষেত্রে সাকিবকে নিয়ে ঝুঁকি না নেওয়ার পক্ষে হাথুরু। এ নিয়ে হাথুরু বলেন, ‘আমরা আজ আবারও স্ক্যান করিয়েছি। এখন ফলাফলের জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে সে ঠিক আছে। যদিও সে বোলিং করেনি। কালকে (আজ) সকালে আসবে এবং তাকে আমরা দেখে সিদ্ধান্ত নেব। তার ফিটনেসের অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’
হাথুরুসিংহে বলেছেন, ‘সে (সাকিব) যদি খেলার জন্য তৈরি না থাকে তাহলে আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। যদি সে তৈরি থাকে তাহলে আগামীকাল (আজ) তার খেলার সুযোগ রয়েছে।’
