দেশে গড় হিসেবে দুর্ঘটনায় প্রাণ হারায় সাত হাজার ও আহত হয় প্রায় ১২ হাজার মানুষ। এমন পরিস্থিতিতে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএলের লুব্রিকেন্টস ব্র্যান্ড ‘সাউদি’ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘সেইফ হাইওয়েজ’ নামে একটি জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে, যা চলবে ২০২৪-এর মার্চ মাস পর্যন্ত।
গতকাল বুধবার প্রাণ সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আরএফএল গ্রুপের এমডি আর এন পাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাউদি লুব্রিকেন্টসের ডিজিএম মীর লুৎফর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের এজিএম (জনসংযোগ) তৌহিদুজ্জামান প্রমুখ।
এ সময় বলা হয়, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের দিন দেশের ২১ জায়গায় জনসচেতনতামূলক র্যালি করবে সাউদি লুব্রিকেন্টস। এ ছাড়া দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিতকরণ এবং সেটি গুগল ম্যাপে যুক্ত করা, ক্যাম্পেইন চলাকালীন চালকদের প্রশিক্ষণ প্রদান, ভারী যানবাহনে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক তথ্য-সংবলিত ব্র্যান্ডিংসহ নানা ধরনের কর্মসূচি রয়েছে।
