ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত জানিয়েছেন, শিগগিরই অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু হবে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) গাজা সীমান্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ ঘোষণা দেন।
ইয়োভ গ্যালান্ত ইসরায়েলি সেনাদের উদ্দেশ্যে বলেন, আদেশ আসছে। হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢোকার অনুমতি পাবে ইসরায়েলি সেনারা । এখন আপনারা অনেক দূর থেকে গাজা উপত্যকা দেখছেন। শিগগিরই ভেতর থেকে দেখতে পাবেন। খবর আল জাজিরা ও টাইমস অব ইসরায়েলের।
গত ১৩ দিনে হামাস-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলি বোমা হামলায় তিন হাজার ৮৫৯ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও সাড়ে ১৩ হাজারের বেশি আহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। যুদ্ধে ইসরায়েল থেকে প্রায় ২০০ জনকে ধরে নিয়ে জিম্মি করেছে হামাস।
গত ৭ সেপ্টেম্বর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। এরপর ফিলিস্তিনে আগ্রাসন চালানো শুরু করে ইসরায়েল। হামলা, পাল্টা হামলার এই যুদ্ধে উভয়পক্ষে হতাহতের সংখ্যা বাড়ছে। ধ্বংসস্তূপ হয়ে উঠছে বিস্তীর্ণ এলাকা। বাস্তুচ্যূত হয়েছে লাখ লাখ মানুষ।
