বরিশালে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় জীবনানন্দ দাশের স্মৃতিরক্ষায় কিছুই করতে না পারার কষ্ট তুলে ধরে জীবনানন্দ দাশের নামে আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বানের পাশাপাশি এই কবির বাড়ি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন বক্তারা।
গতকাল রবিবার সকালে নগরীর কবি জীবনানন্দ দাশ সড়কের কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশালের কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা। পরে জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখা ও প্রগতি লেখক সংঘের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, বরিশালে কবি জীবনানন্দ দাশ ইনস্টিটিউট ও মিলনায়তন সরকারের প্রতিশ্রুতি ছিল। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ নিজেও এ বিষয়ে প্রতিশ্রুতি রক্ষার আশ্বাস দিয়ে বলেছেন, বরিশালে শিগগিরই কবি জীবনানন্দ দাশ ইনস্টিটিউট ও মিলনায়তন, নজরুল সাংস্কৃতিক কেন্দ্র এবং বরিশাল পাবলিক লাইব্রেরির কাজ শুরু হবে। বরিশালের সাবেক জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার সে সময় জায়গাও নির্ধারিত হয়েছে বলে জানিয়েছিলেন। তারপরও আজ পর্যন্ত বরিশালে কবি জীবনানন্দ দাশ স্মৃতি সংরক্ষণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
জাতীয় কবিতা পরিষদ বরিশালের সভাপতি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী সাবেক অধ্যাপক বিমল চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মোজাম্মেল হক, কবি ও ছড়াকার দীপংকর চক্রবর্তী, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি নাট্যকার নাজমুল হোসেন আকাশ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ প্রমুখ।
