জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা ওসিসহ আহত ১৫

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১০:৪৭ পিএম

চাঁদপুরে পদ্মা-মেঘনা নৌ-সীমানায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নৌ-থানার ওসিসহ অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

গতকাল সোমবার সকালে পদ্মা-মেঘনার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর ও কাঁচিকাটা চরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার সময় জেলেরা ইটপাটকেল ছুড়ে মারলে তারা আহত হন।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম ও নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান গুরুতর আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এতে নৌ-পুলিশের ১০-১২ সদস্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও মতলব উত্তরের মোহনপুর এলাকায় প্রাথমিক চিকিৎসাসেবা নেন।

আহতরা হলেন মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান, কনস্টেবল বাবুল কান্তি দে (৫৫), আবুল বাসার (৩৭), জসিম উদ্দিন (৩৪), জাহাঙ্গীর আলম (৪৫), অনিলসহ (৫০) কয়েকজন।

এদিকে নৌ-পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩ নৌকাসহ ৮৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৩ কোটি ১ লাখ ৫৯ হাজার ৮৬০ মিটার জাল উদ্ধার, ৪৬৭ কেজি ইলিশ ও ৩৩টি নৌকা জব্দ করা হয়। এসব ঘটনায় ৪টি মোবাইল কোর্টে বিভিন্নজনকে সাজা ও ৮টি মামলা হয়েছে।

এ বিষয়ে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানে গেলে প্রতিদিনই জেলেরা হামলা করে। আজকের (গতকাল সোমবার) হামলার ঘটনায় যৌথ অভিযানে নেমেছে সংশ্লিষ্ট প্রশাসন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত