দলের বোলিং ও ফিল্ডিং নিয়ে অসন্তুষ্ট বাবর

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১০:১৬ এএম

চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে আফগানিস্তানের ভয়ংকর সব স্পিনার সামলে রানটা পরিকল্পনা মতোই করতে পেরেছে পাকিস্তান। কিন্তু রান ডিফেন্ড করার জন্য যে বোলিং ও ফিল্ডিং দরকার সেটার ধারেকাছেও ছিল না তারা। এই কারণে বোলার ও ফিল্ডারদের দিকে আঙুল তুললেন বাবর আজম।

টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপে শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের। কিন্তু এরপরই যেন ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে গেল দলটি। হেরে গেল সবশেষ তিন ম্যাচই। আফগানিস্তানের বিপক্ষে গতকাল তাদের পরাজয় ৮ উইকেটে।

আবদুল্লাহ শফিক ও বাবরের ফিফটিতে ২৮২ রান তুলেছিল পাকিস্তান। তাদের যে বোলিং লাইন আপ, এই রান ডিফেন্ড করা কঠিন কিছু হওয়ার কথা ছিল না। কিন্তু আফগান ব্যাটসম্যানরা চমকে দেয় পাকিস্তানিদের। দলটির প্রথম তিন ব্যাটসম্যানই করেন ফিফটি। এতে স্রেফ ২ উইকেট হারিয়ে ৬ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ডকেও ধরাশায়ী করা আফগানিস্তান।

ওয়ানডেতে আফগানদের সঙ্গে প্রথমবার হারের পর বাবর বললেন, ‘দল হিসেবে এই হার খুবই কষ্টের। ব্যাটিংয়ে আমাদের পরিকল্পনা ছিল ২৮০-২৯০ রান এবং সেটা করতে পেরেছি। আমার মনে হয়, বোলিং ও ফিল্ডিংয়ে আমরা সেরা পর্যায়ে ছিলাম না।’

তিনি আরও যোগ করেন ‘ভালো বোলিং ও দারুণ ফিল্ডিং করতেই হবে। মাঝের ওভারগুলোয় যেমন বোলিংয়ের প্রয়োজন ছিল স্পিনাররা সেটা পারেনি। তারা প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে পারেনি। আপনি যখন ভালো বোলিং করবেন, ৩-৪টা ওভার ভালো করলেই চাপটা অন্য দলের ওপর চলে যায়।’

ঐতিহাসিক এই জয়ের জন্য আফগানিস্তানকে অভিনন্দন জানাতে ভোলেননি বাবর, ‘আফগানিস্তান যেভাবে খেলেছে আমি তাদেরকে অভিনন্দন জানাই। দুর্দান্ত খেলেছে তারা।’

আগামী ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই চেন্নাইয়েই খেলবে পাকিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত