মাগুরা সদর উপজেলার পশ্চিম বাড়িয়ালা গ্রামে মোহন বিশ্বাস নামের এক কৃষকের দুই বিঘা জমির লাউগাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। গত মঙ্গলবার রাতের কোনো এক সময় গাছগুলো কেটে ফেলা হয়।
মোহন বিশ্বাস জানান, এ বছর তিনি ওই জমিতে লাউগাছগুলো লাগিয়েছিলেন। গাছগুলোতে লাউ ধরেছিল। গত দুই মাস ধরে দুই দিন পরপর তিনি ১০ হাজার থেকে ১৫ হাজার টাকার লাউ বিক্রি করে আসছিলেন। আরও দুই মাস তিনি লাউ বিক্রি করতে পারতেন। কিন্তু শত্রুতাবশত কে বা কারা রাতের আঁধারে গাছগুলো কেটে দিয়েছে।
মোহন আরও জানান, স্থানীয় একটি মেহগনি বাগানে কিছু ব্যক্তি প্রতিরাতে জুয়ার আসর বসাত। সস্প্রতি পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, জুয়াড়িদের ধারণা তিনি (মোহন বিশ্বাস) থানায় খবর দিয়ে তাদের ধরিয়ে দিয়েছেন। এই আক্রোশে জুয়াড়িদের একটি অংশ তার লাউক্ষেতে এই তা-ব চালিয়েছে বলে তিনি ধারণা করছেন। তিনি মামলায় তাদের নাম উল্লেখ করবেন।
মাগুরা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, ‘অভিযোগ পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’
