পিটার হাসের সঙ্গে বিএনপি নেতাদের নৈশভোজে মন্ত্রীও

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০২:৪১ এএম

বিএনপিপন্থি এক ব্যবসায়ীর বাসায় নৈশভোজে অংশ নিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। গতকাল বুধবার রাতে প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানির পরিচালক সৈয়দ এম আলতাফ হোসাইনের গুলশানের বাসভবনে আয়োজিত ওই নৈশভোজে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর দূতাবাসের একাধিক কূটনীতিক উপস্থিতি ছিলেন। বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে ওই নৈশভোজে ছিলেন সরকারের এক মন্ত্রীও।

গতকাল রাত পৌনে ৮টার দিকে আলতাফ হোসাইনের বাসায় যান কূটনীতিকরা। রাত ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দেশ রূপান্তরকে বলেন, ব্যবসায়ী আবুল হোসাইনের পারিবারিক  অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। সেখানে পিটার হাস ছাড়াও বিদেশি কূটনীতিকদের মধ্যে ছিলেন সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, শিলা পিল্লাই, যুক্তরাষ্ট্র দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি. ফিজারল্ডসহ আরও কয়েকজন।

তিনি জানান, ওই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল, ব্যারিস্টার মীর হেলাল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ বেশ কয়েকজন নেতা অংশ নেন। নৈশভোজে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীও ছিলেন বলেও জানান গয়েশ্বর। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত