কুমিল্লা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১১৭ বোতল ইস্কাপ সিরাপ, ২৪ কেজি গাঁজা এবং ২৫ হাজার পিস ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় জানায়নি বিজিবি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভারতীয় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১০ বিজিবির অধীনে বিবির বাজার ও বৌয়ারা বাজার বিওপির টহলদল জেলার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় বিবির বাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর সীমান্তে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ১১৭ বোতল ইস্কাপ সিরাপ, ২৪ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়।
জব্দ করা মাদক ও অন্যান্য সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।
কুমিল্লা বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জব্দ করা মাদক কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষা ও মাদকের বিরুদ্ধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।