মুক্তিযোদ্ধা স্কোয়াড্রন লিডার বদরুল আলম মারা গেছেন

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৩:৩০ এএম

বীর মুক্তিযোদ্ধা স্কোয়াড্রন লিডার বদরুল আলম বীর-উত্তম (অব.) গতকাল শুক্রবার দুপুর দেড়টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭৫ বছর বয়সী বদরুল আমিন স্ত্রী নাদিরা আলম, এক মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা এবং গার্ড অব অনার বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিলোফ্লাইটের অকুতোভয় এ বৈমানিকের প্রয়াণে জাতি আজ গভীর শোকাহত। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তৎকালীন ফ্লাইং অফিসার বদরুল আলমকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয় এবং পরে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। জাতি তার অসামান্য অবদানগুলো শ্রদ্ধাভরে স্মরণ করে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত