কে এগিয়ে যাবে আজ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১১:২৪ এএম

উপমহাদেশের মাটিতে যখন বিশ্বকাপের আসর বসে দুর্নিবার স্বপ্নে বিভোর হন এই ভূভাগের ক্রিকেটখেলুড়ে দেশের সমর্থকরা। আরও একবার শিরোপা ঘরে নিয়ে আসার প্রত্যয় ঝরে খেলোয়াড়দের কণ্ঠে, আচরণে, খেলায়। ছোট্ট দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা, অপ্রত্যাশিতভাবে বাঘা বাঘা দলগুলোকে হারিয়ে ১৯৯৬ সালে লাহোর থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে ফিরেছিল ঘরে। ২০১১ সালেও উঠেছিল ভারতের মাটিতে হওয়া আসরের ফাইনালে।

তবে এবারের আসরটা শুরু হয়নি লঙ্কানদের মনের মতো। হ্যাটট্রিক হারের পরও হাল ছাড়েনি লঙ্কানরা। নেদারল্যান্ডসের পর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রতাপের সঙ্গে হারিয়ে স্বরূপে ফেরে শ্রীলঙ্কা। পুনেতে আফগানদের বিপক্ষেও টানা জয়ের ধারাটা অব্যাহত রাখতে মরিয়া শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার মতোই বিশ্বকাপের শুরুটা বাজে ছিল আফগানিস্তানের। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও ভারতের কাছে হারতে হয়। এরপরে তৃতীয় ম্যাচেই রূপকথার জন্ম দেয় আফগানিস্তান। ইংল্যান্ডকে ৬৯ রানে হারানো ‘অঘটন’-এ তাক লাগিয়ে দেয় বিশ্বে। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেও, আবার চমক দেখায় আফগানিস্তান। প্রতিবেশী পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয়, ‘অঘটন’ তকমাটিকেই ফেলে দেয় প্রশ্নের মুখে। শ্রীলঙ্কাকে হারানোর ব্যাপারে আশাবাদী তারা। শ্রীলঙ্কার মতো আফগানিস্তান কাগজে-কলমে সেমির দৌড়ে বেশ ভালো মতোই আছে। তাদেরও পয়েন্ট ৫ খেলায় ৪ পয়েন্ট। এবারের পয়েন্ট টেবিলের গোলকধাঁধা সমীকরণ যে কারোর জন্যই খুলে দিতে পারে সেমির দরজা। এই ম্যাচের দুই পয়েন্ট তাই ভীষণ জরুরি প্রত্যেকের জন্য।

ওয়ানডেতে ১১ বার মুখোমুখিতে শ্রীলঙ্কার জয় ৭টিতে, আফগানিস্তান জিতেছে তিনবার। বিশ্বকাপে দু’বারের দেখাতেই জয় পেয়েছে লঙ্কানরা। সবশেষ এশিয়া কাপের নাটকীয় ম্যাচে ২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত