রাজধানী ঢাকায় বিএনপির গত শনিবারের মহাসমাবেশে হামলা হয়েছে অভিযোগ করে এর জন্য দেশের বর্তমান সরকার ও পুলিশকে দায়ী করে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি পাঠিয়েছে দলটি। গতকাল সোমবার সকালে এ চিঠি পাঠানো হয় বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন বিএনপির ফরেন কমিটির এক সদস্য।
তিনি বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ কীভাবে পণ্ড করা হয়েছে, নেতাকর্মীদের অবস্থান, পুলিশ ও আওয়ামী লীগ কীভাবে হামলা করেছে তার প্রমাণাদিসহ দূতাবাসগুলোতে চিঠি পাঠানো হয়েছে। কোন পরিপ্রেক্ষিতে বিএনপি হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচি দিয়েছে, সেটাও ব্যাখ্যা করা হয়েছে।’ হামলার ঘটনার দৃশ্যের কিছু ভিডিও ক্লিপ ও স্থিরচিত্রসহ মামলার কপিও দেওয়া হয়েছে বলে জানান এ বিএনপি নেতা।
