রাজশাহী বিশ্ববিদ্যালয়

কিশোরীকে যৌন হেনস্তা চিকিৎসকের!

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৪:৪৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেল সেন্টারের এক চিকিৎসকের কাছে যৌন হয়রানির শিকার হয়েছেন এক কিশোরী।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরের তালাইমারি এলাকার আমেনা ক্লিনিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং রাবির এক শিক্ষিকার মেয়ে।

মঙ্গলবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা।

অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. রাজু আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক হিসেবে কর্মরত। চাকরির পাশাপাশি বেসরকারি ক্লিনিকে রোগীদের চিকিৎসা দেন তিনি।

এদিকে এ ঘটনার আড়াই ঘণ্টা পরে রাত সাড়ে ১১টার দিকে তালাইমারি মোড়ে দুর্বৃত্তদের হামলায় ওই চিকিৎসক আহত হয়েছেন বলে দাবি করেছেন তার ভাগ্নে রাসেল। দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

তবে ভুক্তভোগীর মা বলছেন, ‘ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তার একটু হাতাহাতি হয়েছে। এ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্ত ব্যক্তি হামলার স্বীকার বলে চালাচ্ছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন।’

ভুক্তভোগীর মা মামলার এজাহারে উল্লেখ করেছেন, চিকিৎসক রাজু আহমেদের সঙ্গে তার (ভুক্তভোগীর মা) ভালো সম্পর্ক গড়ে ওঠে। তিনি (অভিযুক্ত চিকিৎসক) তাকে বোন বলে ডাকেন। সেই সম্পর্কের জের ধরে নিজের মেয়েকে তার নিকট নিয়মিত দাঁতের চিকিৎসা করান। গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে নগরের তালাইমারী এলাকার আমেনা ক্লিনিকের নিচতলায় ওই চিকিৎসকের চেম্বারে তার মেয়েকে চিকিৎসা করাতে যান। পরে রাত ৮টা ৪০ মিনিটের দিকে ভুক্তভোগীর মায়ের মোবাইল ফোনে কল আসলে তিনি কথা বলার জন্য চেম্বার থেকে বাইরে বের হন। এমতাবস্থায় ওই চিকিৎসক তার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এতে তার মেয়ে ভয়ে চিৎকার দেন। এরপর তিনি ভিতরে প্রবেশ করলে তার মেয়েকে কান্নারত অবস্থায় দেখতে পান এবং মেয়ের মুখে ঘটনার বর্ণনা শোনেন।

ভুক্তভোগীর মা বলেন, ‘ওই ডাক্তারের কাছে আমার মেয়েকে দাঁতের চিকিৎসার জন্য নিয়ে গেলে তিনি যৌন হয়রানিমূলক হেনস্তা করে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুজন দুজনের দিকে মারতে তেড়ে একটু হাতাহাতি হয়। পরে তিনি হার্টের অসুখে পড়ে বসে পড়েন। এ ঘটনাকেই তিনি বিকৃত করে হামলা বলছেন।’

এ ব্যাপারে নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আজ সকালে একটি মামলা দায়ের করেছেন। আমরা ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ভুক্তভোগীর শিশুর পরিবার আমাদের সঙ্গে এসে দেখা করেছেন। আমরা একটি লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তাছাড়া যেহেতু একটি মামলা করা হয়েছে সেটি রাষ্ট্রীয় আইনী প্রক্রিয়ায় চলমান থাকবে।

অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন
এদিকে এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত চিকিৎসক ডা. রাজু আহমেদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও স্থায়ীভাবে চাকরিচ্যুতের দাবিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্যারিস রোডে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত