দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে সংলাপের উদ্যোগ নিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তার দেশের উদ্বেগের কথা তুলে ধরে সংলাপের মধ্য দিয়ে সমাধানের পথে এগোনোর আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিজের বাসায় বৈঠকের পর এ আহ্বান জানান কুক। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে দলটির সভাপতিমন্ডলীর সদস্য
ফারুক খান ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির এক সদস্য দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এক ঘণ্টার বেশি সময়ের বৈঠক শেষে রাতের খাবারে অংশ নেন তারা।
বৈঠক সূত্র জানিয়েছে, ব্রিটিশ হাইকমিশনারের সংলাপ প্রস্তাবের জবাবে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা বলেছেন, বিএনপির সংবিধানবহির্ভূত দাবি নিয়ে সংলাপে বসার কোনো সুযোগ নেই। তবে তারা এর আগে শর্তহীন সংলাপে বসার ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন। তখন তা সম্ভবও ছিল। কিন্তু গত ২৮ অক্টোবরের পর বিএনপির সঙ্গে সংলাপে বসার কোনো পথ খোলা নেই।
বৈঠক সূত্র আরও জানায়, হাইকমিশনার কুক গত ২৮ অক্টোবরের ঘটনায় ব্রিটিশ সরকার উদ্বিগ্ন বলে উল্লেখ করেন। তিনি বলেন, এমন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে সংলাপই একমাত্র পথ বলে মনে করে ব্রিটিশ সরকার। এ সময় হাইকমিশনার আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক দেখতে চান বলে অবহিত করেন আওয়ামী লীগ নেতাদের। এর জবাবে বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতারা বলেন, একটি ভালো নির্বাচন উপহার দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। এজন্য নির্বাচন কমিশনে বিভিন্ন সংস্কার আনা হয়েছে, তা তুলে ধরেন তারা।
এর আগে গতকাল প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের সঙ্গে কমিশন কার্যালয়ে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনিও শর্তহীন সংলাপে বসতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান।
