পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে সালমা-লতা

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০২:১৪ এএম

বাংলাদেশ সফরে রয়েছে পাকিস্তান নারী দল। তাদের বিপক্ষে চট্টগ্রামে তিন ম্যাচের টি২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতে চনমনে রয়েছে বাংলাদেশ দল। এবার ওয়ানডেতে মুখোমুখি হবার পালা। ঢাকায় মিরপুরে হোম অফ ক্রিকেটে সিরিজের ম্যাচগুলো হবে ৪, ৭ ও ১০ নভেম্বর। 

ওয়ানডে সিরিজ শুরুর আগে পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। লতা মণ্ডলের অধিনায়কত্বে সাজানো ১৩ জনের দলে রাখা হয়েছে সালমা খাতুনকেও। বৃহস্পতিবার বিসিবি উইমেন’স একাদশের মুখোমুখি হবে পাকিস্তান। ৫০ ওভারের ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। মূল স্কোয়াডে থাকা ৬ ক্রিকেটারকে রাখা হয়েছে এই দলে। তারা হলেন- ফারজানা হক, সানজিদা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তারকে একমাত্র প্রস্তুতি ম্যাচের দলে রাখা হয়েছে। ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়ার পর এবার বিসিবি একাদশের অধিনায়কত্ব পেয়েছেন লতা। এর সঙ্গে সালমা ছাড়া মূল দলে জায়গা হারানো শারমিন আক্তারও ডাক পেয়েছেন এই দলে।

প্রস্তুতি ম্যাচের বিসিবি উইমেন'স একাদশ:

লতা মণ্ডল (অধিনায়ক), ফারজানা হক, শারমিন আক্তার, সুমাইয়া আক্তার, মুর্শিদা খাতুন, সালমা খাতুন, সানজিদা আক্তার, দিশা বিশ্বাস, শরিফা খাতুন, আশরাফি ইয়াসমিন অর্থি, আফিয়া আসিমা ইরা, উন্নতি আক্তার, নিশিতা আক্তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত