২৮ অক্টোবর বিএনপির সমাবেশে আহত পুলিশ ও আনসার সদস্যরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। একজন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ‘২৮ অক্টোবর পুলিশ সদস্যদের ওপর নারকীয় আক্রমণ করা হয়। পুলিশের এক সদস্যকে মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে পিটিয়ে ও মাথায় কুপিয়েছিল। যারা আহত হয়েছিলেন এদের বেশ কিছু পুলিশ ও আনসার সদস্য এখানে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আমরা জানি না তাদের কী হবে। চেষ্টা করছি তাদের সর্বোচ্চ চিকিৎসা দিয়ে সুস্থ করতে। তবে পারব কি না জানি না। খুব একটা আশা আছে কি না তাও জানি না। এদের মধ্যে এক আনসার সদস্য মানসিকভাবে বিপর্যস্ত, বিছানায় কাতরাচ্ছেন।’
২৮ অক্টোবর সমাবেশ কর্মসূচি ঘিরে রাজধানীতে রাজনৈতিক সহিংসতা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ক্ষমতাসীনদের ইঙ্গিত করেছে জাতিসংঘ। গত মঙ্গলবার জেনেভা থেকে পাঠানো জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের এক বিবৃতিতে সংস্থাটি এই ইঙ্গিত করে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আপনারা দেখেছেন আমরা কীভাবে দায়িত্বপালন করছিলাম। আর কীভাবে আমাদের ওপর আক্রমণ চালানো হয়েছে। সমাবেশটা যাতে সুন্দর হয় সেজন্য চারদিকে আমরা দায়িত্বপালন করছিলাম। তারপর যখন আমরা আক্রান্ত হয়েছি, প্রধান বিচারপতির বাসভবন আক্রান্ত হয়েছে, জাজেস কোয়ার্টার আক্রান্ত হওয়ার পর আমরা তাদের সিনিয়র নেতাদের জানিয়েছি। কিন্তু তাতে কোনো কাজ হয়নি, আক্রমণ আরও বেড়েছে। আমাদের অনেকে আহত হয়েছেন, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’নিজস্ব প্রতিবেদক
