আড়ায় ঝুলছিল স্বামী, বিছানায় পড়েছিল স্ত্রীর মরদেহ

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৪:২৮ পিএম

নীলফামারীর জলঢাকা উপজেলা কৈমারী দোলাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার তাদের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে।

নিহতরা হলেন- বিপুল চন্দ্র রায় (২৭) ও তার স্ত্রী বৃষ্টি রানী (২০)। বিপুল পেশায় শ্রমিক ও ওই গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের ছেলে। বৃষ্টি রানী কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা মেলাগঞ্জ গ্রামের বিকাশ চন্দ্র রায়ের মেয়ে। মাত্র ৭ মাস আগে তাদের বিয়ে হয়। 

গ্রামবাসীরা জানান, বুধবার দুপুরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তারা। দিন শেষে সন্ধ্যা নামলেও তাদের ঘর থেকে কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে দেখতে পান বিপুল ঘরের আড়ার সঙ্গে ঝুলছে ও বৃষ্টি রানী বিছানায় পড়ে আছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বিপুল  স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর নিজেও আত্মহত্যা করে।

জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম বলেন, ‘একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছিল- সেটির ভেতর থেকে দরজা বন্ধ করা ছিল। দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত