সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডেও তুষারের পাশে নাঈম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৮:০০ পিএম

কদিন আগে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুয়েছিলেন নাঈম ইসলাম। এই কীর্তি গড়া প্রথম ব্যাটসম্যান তুষার ইমরানের আরেকটি রেকর্ড ছুলেন অভিজ্ঞ এই ব্যাটার। এই ফরম্যাটে ৩২তম সেঞ্চুরি করলেন তিনি গতকাল। 
কক্সবাজারে জাতীয় ক্রিকেটে লিগের ম্যাচে সিলেটের অফ স্পিনার শাহানুর রহমানের অফ স্টাম্পের বাইরের বল কাভারের দিকে খেলে দ্রুত এক রান নিয়ে তিন অঙ্ক ছুয়ে ফেলেন ঢাকা মেট্রোর নাঈম। ২০২১ সালে অবসরে যাওয়া তুষার ৩২ সেঞ্চুরি করেন ১৮২ ম্যাচে। নাঈমের লাগলো ১৬৭ ম্যাচ।
৩৬ বছর বয়সী ব্যাটসম্যান দিন শেষে অপরাজিত আছেন ১৩৩ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০৪ রানে। সেঞ্চুরির স্বাদ পেয়েছেন ঢাকা মেট্রোর অধিনায়ক সাদমান ইসলামও। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১৩তম সেঞ্চুরি। তিনি অপরাজিত আছেন ৩০০ বলে ১৫ চারে ১৫৭ রান। নাঈম-সাদমানের ২২৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ব্যাটিঙে আমন্ত্রিত মেট্রোর সংগ্রহ ২ উইকেটে ৩৫৯। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত