আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের (আইভিআই) বোর্ড অব ট্রাস্টির সদস্য নির্বাচিত হয়েছেন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল। গত ৩১ অক্টোবর গ্লোবাল কাউন্সিলে প্রতিষ্ঠানটির মহাপরিচালক জেরোম এইচ কিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগের তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, ‘আপনাকে বোর্ড অব ট্রাস্টি হিসেবে নির্বাচিত করা হয়েছে। আপনি আপনার সরকার এবং গ্লোবাল কাউন্সিলের প্রতিনিধিত্ব করবেন।’
অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগসের এমডি ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১৪ সাল থেকে। তিনি তৃণমূল পর্যায়ে বিনামূল্যে সরকারি ওষুধ পৌঁছে দিতে ওষুধ উৎপাদনের নেতৃত্বের পাশাপাশি সরকারিভাবে ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
তিনি বাংলাদেশ ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য।
