ইরানে মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুন, নিহত অন্তত ৩২ 

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০২:১৪ পিএম

ইরানের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩ নভেম্বর) ইরানের উত্তরাঞ্চলের মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুন লাগে। আগুনের কারণ জানতে একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বিচার বিভাগের মিজান বার্তা সংস্থা জানিয়েছে, কেন্দ্রের ব্যবস্থাপক ও কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে বার্তাসংস্থা এপি বলেছে, শুক্রবার ভোরে ল্যাঙ্গারুদ শহরের ওই বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিভিয়ে ফেলা হয় এবং কর্তৃপক্ষ এখন অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে।

এপি বলছে, ইরানে এই ধরনের দুর্ঘটনা বিরল নয়। প্রধানত নিরাপত্তা ব্যবস্থার প্রতি অবহেলা, পুরোনো অবকাঠামো এবং অপর্যাপ্ত জরুরি পরিষেবার কারণে পশ্চিম এশিয়ার এই দেশটিতে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত