দিল্লিতে বায়ুদূষণজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১১:০০ এএম

ভারতে দিল্লির দূষণ ক্রমান্বয়ে চরমে পৌঁছাচ্ছে। জনজীবনে কিছুটা স্বস্তি ফেরাতে দিল্লির সরকার ব্যাপক দূষিত এলাকাগুলোয় গতকাল রবিবার পানি ছিটানো শুরু করে। গত শুক্র ও শনিবার টানা বন্ধ থাকার পর গতকাল থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবারও সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজধানী নয়াদিল্লির সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা ও মহারাষ্ট্রের মুম্বাই শহরও গতকাল বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় জায়গা করে নেয়।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত বৃহস্পতিবার গত শুক্র ও শনিবার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। চলতি মৌসুমে বায়ুদূষণজনিত কারণে এটি ছিল এ ধরনের প্রথম পদক্ষেপ। সেই ঘোষণা শেষ হতেই দিল্লি সরকারের শিক্ষা মন্ত্রণালয় গতকাল জানায়, আগামী ১০ নভেম্বর পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত শ্রেণির শিক্ষার্থীদের প্রয়োজনসাপেক্ষে অনলাইন কার্যক্রমে যেতে বলা হয়েছে।

দিল্লির ফায়ার সার্ভিসের মহাপরিচালক অতুল গর্গ বলেন, সবচেয়ে দূষিত জায়গাগুলোয় পানি ছিটানোর কাজে ১২টি ফায়ার ইঞ্জিন কাজে লাগানো হচ্ছে। আশা করা যায়, এতে নাগরিকরা কিছুটা স্বস্তি পাবেন।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ‘আইকিউ এয়ার’ জানায়, ভারতের নয়াদিল্লি, কলকাতা ও মুম্বাই শহর গতকাল বিশ্বের সবচেয়ে দূষিত পাঁচটি শহরের তালিকায় জায়গা করে নেয়। সাধারণত সুস্থ মানুষের জন্য সহনশীল একিউআই সূচক থাকা উচিত শূন্য থেকে ৫০-এর মধ্যে। অর্থাৎ দিল্লির দূষণের যে মাত্রা তাতে শিশু, বৃদ্ধসহ নানান বয়সীর বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হ্যান্ডেলে দিল্লির চিকিৎসক আহমেদ খান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সর্দি-কফে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়তে দেখেছি। এ ছাড়া শ্বাসকষ্ট ও অবসাদের মতো সমস্যা নিয়ে আসছে শিশুরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত