ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এতদিন একাই ছিলেন শচিন টেন্ডুলকার। এবার সেখানে ভাগ বসিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় কিংবদন্তির পাশে বসতে পেরে সম্মানিত বোধ করছেন কোহলি।
কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল প্রায় ৭০ হাজার দর্শকের সামনে টেন্ডুলকারের ৪৯ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ষষ্ঠ ওভারে উইকেটে গিয়ে খেলেছেন ১২১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস। আবার কাল ছিল তার ৩৫তম জন্মদিনে। যেন নিজেকে নিজেই দিয়েছেন বিশেষ উপহার।
দিনের শুরুতে সামাজিক মাধ্যমে কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানান টেন্ডুলকার। নিজের রেকর্ডে ভাগ বসানোর পর আরও একবার উত্তরসূরির প্রশংসা করেন এই ব্যাটিং গ্রেট।
ম্যাচ সেরার পুরস্কার গ্রহণের সময় কোহলিকে জানানো হয় টেন্ডুলকারের অভিনন্দন বার্তার কথা। তখন নিজের শৈশবের নায়কের পাশে বসার অনুভূতি জানান কোহলি, ‘টেন্ডুলকারের বার্তা বিশেষ কিছু। এটি আমার জন্য একটু বেশি কিছু। নিজের হিরোর রেকর্ডে ভাগ বসানো আমার জন্য অনেক বড় সম্মানের। ব্যাটিংয়ের ব্যাপারে তিনি নিখুঁত।’
কোহলি আরও যোগ করেন, ‘এটি আবেগের মুহূর্ত। আমার মনে আছে, আমি কেমন দিন পার করে এসেছি। তাকে (টেন্ডুলকার) টিভিতে দেখার দিনগুলো আমার মনে আছে। তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া আমার কাছে অনেক বড় কিছু।’
কোহলির সেঞ্চুরি ও শ্রেয়াস আইয়ারের ৭৭ রানের ইনিংসের সৌজন্যে ৫ উইকেটে ৩২৬ রান করে ভারত। পরে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে মাত্র ৮৩ রানে গুটিয়ে ২৪৩ রানের বিশাল জয় তুলে নেয় স্বাগতিকরা।
