তুরস্কে মার্কিন বিমান ঘাঁটিতে ফিলিস্তিনপন্থী জনতার হামলা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম

রবিবার তুরস্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সফরের কয়েক ঘন্টা আগে দেশটির দক্ষিণে অবস্থিত মার্কিন সেনাদের বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা চালিয়েছে ফিলিস্তিনপন্থী জনতা। এ সময় তুর্কি পুলিশ কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কের দক্ষিনাঞ্চলীয় প্রদেশ আদানার ইনকিলরিক শহরের মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। আইএইচএইচ হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন নামের একটি ইসলামিক সহায়তা সংস্থা এই বিক্ষোভের আয়োজন করে।

বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে বিমান ঘাঁটিতে প্রবেশের চেষ্টা রুখে দেয় তুর্কি পুলিশ। কাঁদানে গ্যাস, জলকামান এবং স্মোক বোম ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।  

জবাবে বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল, প্লাস্টিকের চেয়ার ও অন্যান্য জিনিস ছুড়ে। এমনকি পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়াতে দেখা গেছে অনেককে। তবে কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ।

এদিকে রোববার মার্কিন পররাষ্টমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আঙ্কারা সফরে আসার দুই ঘণ্টা আগেই এই বিক্ষোভ হয় ইনকিলরিক ঘাঁটিতে।

ইনকিলরিকের এই ঘাঁটিটি থেকে মূলত সিরিয়া ও ইরাকের কিছু অঞ্চলে আন্তর্জাতিক সংন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। মার্কিন বিমান বাহিনীর একটি দল ২৪ ঘণ্টা এই ঘাঁটি এলাকায় অবস্থান করেন।

ইসরায়েল-হামাসের চলমান সংঘাতে শুরু থেকেই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছে তুরস্ক। গাজাতে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদের ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দেশটি।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত