চট্টগ্রামের রাউজান উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার গশ্চি গ্রামের সিদ্দিক চৌকিদারের বাড়িতে মমার্ন্তিক এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুহাম্মদ ইয়াসিন জানান, সোমবার দুপুরে বাড়ির সামনের পুকুরঘাটে এক বোন খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় চাচাতো বোন। দুজনই তলিয়ে যায় পানিতে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই চাচাতো বোন হলেন, ওই এলাকার আরব আমিরাত প্রবাসী মুহাম্মদ সালাহ উদ্দিনের মেয়ে সামিরা আকতার ও কামাল উদ্দিনের মেয়ে রেখা আকতার।
পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই বোন একসঙ্গে খেলতে নামে বাড়ির সামনের পুকুর ঘাটে। এ সময় এক বোন পানিতে পড়ে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেয়। দুজনই তলিয়ে যায় পানিতে। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
