বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের ষষ্ঠ কোর পুনর্মিলনী ও ৪২তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার খুলনার জাহানাবাদ সেনানিবাসের আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
এ সময় আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে আর্মি সার্ভিস কোরের একদল চৌকস সেনাসদস্য মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ প্রদর্শন ও প্রধান অতিথিকে সম্ভাষণ জ্ঞাপন করেন। এরপর সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আর্মি সার্ভিস কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং এ কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে
মতবিনিময় করেন। আইএসপিআর
