কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ রায়হান (৩৮) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৫টায় পৌরসভার পশ্চিম মাইজপাড়া এলাকার একটি গলি থেকে তাকে আটক করা হয়। রায়হান পৌরসভার উত্তর নসরুদ্দি গ্রামের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমানের পুত্র।
দাউদকান্দি মডেল থানার ওসি মো:মোজাম্মেল হক দেশ রূপান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়হানকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়।
রায়হানের নামে দাউদকান্দি থানায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। অস্ত্র আইনে আরো একটি মামলায় তাকে আজ (৭ নভেম্বর) মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
