বগুড়ায় পুলিশের রাবার বুলেটে জামায়াতের ১০ জন আহত

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম

বুধবার সকালে বগুড়া সদরের সাবগ্রামে ঢাকা-রংপুর মহাসড়কে অবরোধ সমর্থনের মিছিলে পুলিশের রাবার বুলেটে জামায়াতে ইসলামীর অন্তত ১০ জন আহত হওয়ার দাবি করা হয়েছে। কিন্তু পুলিশের দাবি, নিজেদের ছোড়া হাত বোমার বিস্ফোরণে জামায়াত নেতাকর্মীরা আহত হয়েছেন।

জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সদরের ঢাকা-রংপুর ২য় বাইপাস মহাসড়কের সাবগ্রামে বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমানের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী লাঠিসোটা হাতে মিছিল শেষে মহাসড়ক অবরোধ করে। পুলিশ তাদের বাধা দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ জামায়াত-শিবির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও শটগান থেকে দুই রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এতে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী গুলিবিদ্ধ হোন। পরে তারা কয়েকটি হাত বোমার বিষ্ফোরণ ঘটিয়ে এলাকা ছেড়ে চলে যায়। 

একইভাবে সদরের ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়াতে জামায়াত নেতা আলী আজগরের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীরা লাঠিসোটা হাতে মিছিল বের করা হয় ও দুইটি হাত বোমার বিষ্ফোরণ ঘটানো হয়। এসময় পুলিশ টিয়ারশেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আখতার বলেন, জামায়াতের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিষ্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত