পোশাকশ্রমিকদের ওপর সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০২:২৮ এএম

ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ওপর দমন-পীড়নের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। কোনো ধরনের সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকান্ডের ভয় ছাড়াই যেন শ্রমিকরা সভা-সমাবেশ করতে পারে এবং দাবি-দাওয়া তুলে ধরতে পারে সরকারকে সেটা নিশ্চিত করতে বলেছে দেশটি।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘বাংলাদেশে ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভকারী পোশাকশ্রমিকদের ওপর সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। একইসঙ্গে শ্রমিক ও ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডকে অপরাধ সাব্যস্ত করার নিন্দা জানানো হচ্ছে।’ বিবৃতিতে গত সপ্তাহের সহিংসতার কথা তুলে ধরে বলা হয়, ২৬ বছর বয়সী কারখানার শ্রমিক এবং সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য রাসেল হাওলাদার পুলিশের হাতে নিহত হওয়ার খবরে আমরা মর্মাহত। উপরন্তু, আমরা ৩২ বছর বয়সী ইমরান হোসেনের ক্ষতির জন্য শোক প্রকাশ করছি, যিনি ঢাকার একটি কারখানার ভেতরে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে মারা গিয়েছিলেন। আমরা তাদের পরিবার এবং বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি আমাদের সমবেদনা জানাই।

বিবৃতিতে বলা হয়, ‘শ্রমিক ও ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে চলমান দমন-পীড়ন নিয়েও আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা করতে। এ ছাড়া শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়ার অভিযোগ উঠেছে, সেসব তদন্ত করার আহ্বান জানাই।’

বেসরকারি যেসব প্রতিষ্ঠান শ্রমিকদের যুক্তিসঙ্গত মজুরি বৃদ্ধির জন্য ইউনিয়নের প্রস্তাব অনুমোদন করেছে, তাদের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বিবৃতিতে যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় প্রক্রিয়ায় ন্যূনতম মজুরির বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। দেশটি বলেছে, আলোচনার ভিত্তিতে এমন একটি ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে যাতে শ্রমিকরা ও তাদের পরিবার ক্রমবর্ধমান যে অর্থনৈতিক চাপের মুখে পড়েছে তার সমাধান হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত