ব্যথায় ভুগছিলেন ম্যাক্সি, উঠে যেতে চেয়েছিলেন মাঠ থেকে

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ এএম

আফগানিস্তানের বিপক্ষে অতিমানবীয় এক ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। দলীয় ৯১ রানে ৭ উইকেট হারানোর পর প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে গড়েন বড় জুটি। নিজে খেলেন ২০১ রানের বিধ্বংসী এক ইনিংস। কিন্তু চোট জর্জরিত শরীরের কারণে এক পর্যায়ে তিনি মাঠ থেকে নেমে যেতে চেয়েছিলেন। 

পায়ের সঙ্গে শরীর নাড়াতে পারছিলেন না ম্যাক্সওয়েল। কামিন্সের সঙ্গে তার ২০২ রানের জুটিতে দুজন রান নেওয়ার জন্য দৌড়েছেন মাত্র ছয়বার। ম্যাক্সওয়েল নিজেও বিশ্বাস করতে পারছেন না, তিনি কীভাবে এমন ইনিংস খেললেন। 

ক্রিকেট অস্ট্রেলিয়াকে তিনি বলেছেন, ‘ব্যাপারটা বেশ অদ্ভুতই। আমি আমার একটা বুড়ো আঙুল নাড়াতে পারছিলাম না। সেই বুড়ো আঙুলের মাংসপেশির ব্যথা আমার হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। অন্য প্রান্তে যাওয়ার সময় আমার ঊরুর মাংসপেশিতেও ব্যথা শুরু হয়ে গিয়েছিল। আমি মাটিতে শুয়ে পড়েছিলাম। আমার তখন দুই পা আর পিঠের মাংসপেশিতে টানা লেগেছে।’

ঠিক ওই সময়ই ম্যাক্সওয়েল মাঠ থেকে উঠে যাওয়ার কথা ভেবেছিলেন বলে জানিয়েছেন। অ্যাডামস জাম্পাও মাঠে নেমে বাউন্ডারি পর্যন্ত গিয়ে অপেক্ষা করছিলেন ম্যাক্সওয়েলের বদলে ব্যাটিংয়ে নামার জন্য। অস্ট্রেলিয়ার তখন শেষ ১০ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৬০ রান, ‘হ্যাঁ, আমি উঠে যাওয়ার কথা ভেবেছিলাম ওই সময়। ড্রেসিংরুমে ফিরে শুশ্রূষার দরকার হয়ে পড়েছিল।’

ম্যাক্সওয়েলকে খেলা চালিয়ে যাওয়ার কথা নাকি বলেছিলেন খোদ ফিজিও নিক জোন্সই, ‘নিক জোন্স তখন বলেছে, আমি যদি মাঠ থেকে উঠে যাই, তাহলে আবার মাঠে ফেরা খুব মুশকিল হয়ে যাবে। আমার পক্ষে ড্রেসিংরুমের সিঁড়ি বেয়ে আর নিচে নামা সম্ভব হবে না। তখনই আমি সিদ্ধান্ত নিই, কষ্ট করে হলেও খেলা চালিয়ে যাওয়ার। মানে যতক্ষণ পারা যায় আরকি! কোনোমতে যতক্ষণ হাঁটতে পারছি, ব্যাটিং শেষে অন্য প্রান্তে যেতে পারছি, ততক্ষণ খেলে যেতে চেয়েছিলাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত