রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড়সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তার দু’জন স্বেচ্ছাসেবক দলের নেতা। গ্রেপ্তার এবাদুল ব্যাপারী (৩৭) পিরোজপুরের মোসলেম ব্যাপারীর ছেলে। তিনি রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোডের থাকতেন। হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তিনি। গ্রেপ্তার আরেকজন হলেন সিরাজগঞ্জের শাহজাদপুরের রজব আলী সরদারের ছেলে সবুজ মিয়া (২৭)। তিনি হাতিরঝিল এলাকার ডাক্তারগলির বাসিন্দা এবং হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য।
তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক বলেন, মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় বোতলভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড়সহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
