দেশের ডলার বাজারের অস্থিরতা ধীরে ধীরে বাড়ছেই। রেকর্ডের পর রেকর্ড গড়ছে মার্কিন এই মুদ্রার দর। কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরে ব্যাংক ও মানি চেঞ্জারগুলোতে ডলার পাওয়া যাচ্ছে না। এক কথায় ডলারের নিয়ন্ত্রণ কালোবাজারিদের হাতে। আজ বৃস্পতিবার পূর্বের সব রেকর্ড ভেঙে খোলা বাজারে ১২৮ টাকায় ডলার বিক্রি হচ্ছে। তারপরও ক্রেতারা চাহিদা মতো পাচ্ছে না এই সোনার হরিণ।
তথ্য বলছে, গত সপ্তাহে এক ডলার ছিল ১২০-১২১ টাকা। যদিও কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত দাম অনুযায়ী খুচরা ডলারের দাম ১১৪ টাকার বেশি হওয়ার কথা নয়।
সরেজমিনে রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন এলাকায় ঘুরে দেখা যায়, মানি চেঞ্জারগুলোতে খুব একটা বেচাকেনা নেই। হাতেগোনা দুই-একটি মানি চেঞ্জারে অল্প লেনদেন হচ্ছে। তাদের দাবি ‘ডলার নেই তাই বিক্রি করতে পারছি না’। আর বাণিজ্যিক ব্যাংকেও একই অবস্থা।
জানতে চাইলে পল্টন এলাকার নিউট্রলি মানি এক্সচেঞ্জ লিমিটেডের বিক্রেতা মো. লিটন দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের এখানে ক্রেতাদের আনাগোনা কম। কারণ আমাদের কাছে নগদ ডলার নেই। বেঁধে দেওয়া দরে কেউ ডলার বিক্রি করতে চান না। তাই ডলার নেই।’
নাম প্রকাশ না করার শর্তে আরেক মানি চেঞ্জারের বিক্রেতা বলেন, দাম বেঁধে দিয়ে আমাদের হাত-পা বেঁধে দেওয়া হয়েছে। এখন আমরা ডলার কিনতেও পারছি না, বিক্রিও করতে পারছি না। দালালরা যদি ১২৫-২৬ টাকায় ডলার কিনে, তাহলে মানুষ আমার কাছে বিক্রি করবে কেন? আর আমি বেশি দরে ডলার কিনে লোকশান গুনবো নাকি?‘
একই অবস্থা বাণিজ্যিক ব্যাংকগুলোতেও। সংকটের কারণে নগদ ডলার বিক্রি করছে না ব্যাংক। মতিঝিল ও দিলকুশার সরকারি ও বেসরকারি অন্তত ৫টি বাণিজ্যিক ব্যাংকে গিয়েও ডলার পাওয়া যায়নি। তাদের বক্তব্য ‘নগদ ডলার নেই। অন্য ব্যাংকে যোগাযোগ করতে পারেন।’