গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসের প্রশংসা করে একই রকম পরিস্থিতিতে ডাবল সেঞ্চুরি করার আকাঙ্খা প্রকাশ করেছেন প্রোটিয়াদের বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলার। শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এমনটা জানান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে মিডল অর্ডারে নেমে ম্যাচের রূপ বদলে দিতে পারেন যেকজন ব্যাটসম্যান তাদের মধ্যে অন্যতম একজন মিলার। ব্যাট হাতে তান্ডবলীলা চালানোর দক্ষতার জন্য ‘কিলার মিলার’ নামে সম্বোধন করা হয় তাকে। এই কদিন আগেও আন্তর্জাতিক টি২০তে দ্রুততম (৩৫ বলে) সেঞ্চুরির রেকর্ডটি ছিল মিলারের।
নিজেও এরকম ইনিংস খেলতে চান কি না জানতে চাওয়া হলে বলে মিলার বলেন, ‘অবশ্যই।’ ম্যাক্সওয়েলের ইনিংস সম্পর্কে তিনি আরও বলেন, ‘এমন একটা ইনিংস দেখতে পারা খুবই বিশেষ কিছু। সে একজন ‘এক্স-ফ্যাক্টর’ ক্রিকেটার, ম্যাচ জেতাতে পটু। অমন ইনজুরি নিয়ে জায়গায় দাঁড়িয়ে চার-ছ্ক্কা মেরে যাওয়া, বিশেষ করে সেই পরিস্থিতিতে যেখানে অস্ট্রেলিয়া খেলা থেকে ছিটকে গিয়েছিল- এক কথায় অনুপ্রেরণার।’
আসরের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে যেতে হলে ম্যাক্সওয়েলের অস্ট্রেলিয়াকেই হারাতে হবে মিলারদের। ১৯৯৯ ও ২০০৭ আসরে দুবার সেমিতে অস্ট্রেলিয়া বাধা টপকাতে পারেনি প্রোটিয়ারা। ’৯৯ আসরে ম্যাচ টাই হলে গ্রুপপর্বের র্যাংকিং বিচারে বাদ পড়তে হয় তাদের। ২০০৭ সালে সাত উইকেটে জেতে অস্ট্রেলিয়া।
এই প্রসঙ্গে মিলার বলেন, ‘বিশ্বকাপের আগেই ওদের সঙ্গে সিরিজ খেলেছি আমরা। সেটাকে ড্রেস রিহার্সেল বলতে পারেন। আগেও আমরা অনেক ম্যাচ খেলেছি। দল হিসেবে প্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়া কী করতে চায় সে সম্পর্কে ধারণা আছে আমাদের। সেমিফাইনালটি খুব আকর্ষণীয় একটা ম্যাচ হতে যাচ্ছে বলতে পারি। কিন্তু আমাদের এখন লক্ষ্য আগামীকালের ম্যাচ।’
২০১৫ আসরে সেমিতে খেললেও গতবার সেরা চারে থাকতে পারেনি প্রোটিয়ারা।
