তুলুজের বিপক্ষে গোল বাতিল নিয়ে ক্ষুব্ধ লিভারপুল কোচ

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১১:১৩ এএম

আক্রমণ পাল্টা-আক্রমণে জমা ওঠা ম্যাচে শেষ পর্যন্ত হেরে গেল লিভারপুল। কিন্তু এর জন্য রেফারির সিদ্ধান্তের দিকে আঙুল তুলেছেন দলটি কোচ ইউর্গেন ক্লপ। যোগ করা সময়ের শেষ মিনিটে জারেল কুয়ানশাহর গোল বাতিল না হলে তুলুজের সঙ্গে ড্র নিয়ে মাঠ ছাড়ত ইংলিশ ক্লাবটি।

ইউরোপা লিগে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে ৩-২ গোলে হারে লিভারপুল। ইউরোপা লিগের চলতি মৌসুমে এটি লিভাপুলের প্রথম হার। ‘ই’ গ্রুপে এখনও শীর্ষে আছে দলটি।

ঘরের মাঠে ৩৬ মিনিটে তুলুজকে এগিয়ে দেন অ্যারন দোনুম। এরপর ৫৮ মিনিটে ডালিঙ্গা করেন দ্বিতীয় গোল। ৭৪ মিনিটে ক্রিস্তিয়ান কাসেরেসের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় লিভারপুল।

২ মিনিট পরই ৩–১ গোলে এগিয়ে যায় তুলুজ। ৭৬ মিনিটে গোলটি আসে ফ্রাঙ্ক মাগরির পা থেকে। লিভারপুল ব্যবধান কমায় ৮৯ মিনিটে দিয়াগো জোতার গোলে। যোগ করা সময়ের ১০ মিনিটে কুয়ানশাহ তুলুজের জালে বল পাঠালে আনন্দে মেতে ওঠে লিভারপুলের সমর্থকেরা। তবে গোলটি ভিআরে বাতিল হয়।

গোল বাতিল নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ক্লপ, ‘আমরা তৃতীয় গোলটি করেছি। শতভাগ নিশ্চিত এটা গোল ছিল। আমি নিশ্চিত নই যে বল হাতে লেগেছিল কি না, ব্যাপারটা এমনই।’

তুলুজের সমর্থকদের উদযাপনের জন্য সাক্ষাৎকার দিতেও সমস্যা হয়েছে ক্লপের। যা নিয়ে খেপেছেন এই জার্মান কোচ, ‘আমরা এই সংবাদ সম্মেলনের মতোই বিশৃঙ্খল ছিলাম। এই জায়গাতে সংবাদ সম্মেলন করার পরিকল্পনা কার ছিল?’

প্রিমিয়ার লিগের ম্যাচে রবিবার ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে লিভারপুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত