রেল স্টেশনে ঘুরতে গিয়ে ট্রেনে উঠে হারিয়ে যাওয়া দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গাইবান্ধা থেকে ট্রেনে ওঠা ওই দুই শিশুকে বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করে। পরে বৃহস্পতিবার রাতে শিশুদেরকে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
উদ্ধার দুই শিশু গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার কাতলামারী গ্রামের আব্দুল খলিলের ছেলে শাকিল আহম্মেদ (১১) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে রাশেদুল ইসলাম (১২)।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, শিশু দুটি বাড়ি থেকে গাইবান্ধা স্টেশনে ঘুরতে যায়। সেখানে দুরন্তপনায় ট্রেনে উঠে পড়ে তারা। তখন ট্রেনটি ছেড়ে দেওয়াই তারা ট্রেন থেকে নামতে পারে না।
তিনি আরও বলেন, পরে সান্তাহার জংশন স্টেশনে নেমে ঘোরাঘুরি করার সময় প্ল্যাটফর্মে দ্বায়িত্বরত রেলওয়ে পুলিশ তাদের সঙ্গে কথা বলে জানতে পারে তারা ভুলে ট্রেনে চড়ে চলে এসেছে। তাদের কাছ থেকে একটি মোবাইল নম্বর পাওয়া যায়। সেই নম্বরের সূত্র ধরে তাদের পরিবারকে খুঁজে বের করা হয়। এরপর তাদের কাছে হস্তান্তর করা হয়।
