গাজীপুরের কোনাবাড়ীতে পোশাকশ্রমিক-পুলিশের সংঘর্ষের সময় পুলিশের গাড়ি ভাঙচুরে ঘটনায় ৩-৪ হাজার জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ১১ জনের নাম উল্লেখ করে আরও ৩ থেকে ৪ হাজার অজ্ঞাত আসামি করা হয়।
আজ শুক্রবার এসআই আবু সাঈদ জানান, বৃহস্পতিবার বিকেলে কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে তুসকা গার্মেন্টস কারখানার ভেতর শ্রমিকরা ব্যাপক ভাঙচুর করেন। এ সময় তারা ওই কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারের (ডিসি) গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে। আটককৃতরা সবাই বিভিন্ন কারখানার শ্রমিক।
তিনি আরও জানান, এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা করা হয়। ওই মামলায় আটক ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আরও ৩-৪ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
