লক্ষ্মীপুরের রামগতিতে একটি মালবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কের রামদয়াল বাজার এলাকার মোবাইল টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহতরা হলেন মো. আরিফ (১৮) ও মো. মোমিন (২০)। এদের মধ্যে আরিফ রামগতি উপজেলার চর আলগী গ্রামের মো. সেলিমের ছেলে এবং মোমিন একই গ্রামের মো. মনিরের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, আরিফ ও মোমিন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দুইজন ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
