টাঙ্গাইলের মির্জাপুরে শরিয়ত বয়াতির গান পরিবেশন বন্ধ করার নির্দেশ দেওয়ায় ফতেপুর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুর রউফের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১০ নভেম্বর) ওই এলাকার রহিম পীর মির্জাপুর থানায় এই অভিযোগ দায়ের করেন।
ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ গত বুধবার রাতে ফতেপুর গ্রামের মধ্যপাড়া এলাকার রহিম পীর নামে এক ব্যাক্তির ওরস মাহফিলে উপস্থিত হয়ে বক্তৃতায় গান বন্ধের ঘোষণা দেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়।
আব্দুর রউফ ২০১৭ সালে ১৬ এপ্রিল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে প্রার্থী হয়ে ওই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি একই বছর ২০ আগস্ট আওয়ামী লীগে যোগদান করেন। পরবর্তীতে ২০২১ সালে ১ এপ্রিল ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। এরপর গত ২০২২ সালে ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।
এলাকাবাসী জানান, গত বুধবার ফতেপুর গ্রামের ওই এলাকায় মো. রহিম নামে এক পীরের বাড়িতে ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে রাতে শরিয়ত বয়াতি ও শিল্পী সরকার শিমুর দলের বাউল গান পরিবেশন হওয়ার কথা ছিল।
২০২০ সালের ২৪ ডিসেম্বর ধামরাই এলাকায় একটি গানের আসরে শরিয়ত বয়াতি গান পরিবেশন করেন। সেই গানের রেশ ধরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০২১ সালে ৯ জানুয়ারি শরিয়ত বয়াতির বিরুদ্ধে আদালতে মামলা হয়। দুইদিন পর ওই মামলায় তিনি গ্রেপ্তার হন। পরে আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।
এদিকে বুধবার রাতে ওই গানের অনুষ্ঠানে গিয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বক্তৃতা শুরু করেন। তিনি তার বক্তৃতায় প্রথমে শরিয়ত বয়াতীর গানের অনুষ্ঠান বন্ধ করতে বলেন। পরে তিনি ঘোষণা দেন ফতেপুর ইউনিয়নে কোন প্রকার গান হবে না। কেউ গানের আয়োজন করলে তার ও পুলিশের অনুমতি নেয়ার কথা বলেন।
এ ব্যাপারে তিনি বলেন, তাকে ওসি এবং টাঙ্গাইলের পুলিশের গোয়েন্দা শাখা থেকে গানের অনুষ্ঠানের কথা না করা হয়েছে। এজন্য গান বন্ধ করা হয়েছে।
মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, ওই অনুষ্ঠানে শরিয়ত বয়াতি নামে বিতর্কিত এক বয়াতীর গান করার কথা ছিল। সেজন্য গানের অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়েছে। তার মামলা শেষ না হওয়া পর্যন্ত গান করতে পারবেন না বলে আদালতে মুচলেকা দিয়ে জামিনে মুক্তি পেয়েছেন। থানায় করা অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
