শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করল আইসিসি

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০২:২৪ এএম

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সদস্যপদ স্থগিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দেশটির ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতির অভিযোগ নিয়ে কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে ছিল শ্রীলঙ্কা ক্রিকেট।

আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ (গতকাল) বোর্ড সভা শেষে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে সদস্য হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে; বিশেষ করে ক্রিকেট প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার জন্য এটা নিশ্চিত করা প্রয়োজন ছিল যে কোনো সরকারি হস্তক্ষেপ থাকবে না। কিন্তু তা লঙ্ঘিত হয়েছে। যথাসময়ে আইসিসির পক্ষ থেকে এই স্থগিতাদেশের শর্তগুলো নির্ধারণপূর্বক জানানো হবে।’

বিশ্বকাপে ভরাডুবি ও লাগামহীন দুর্নীতির অভিযোগে ৬ নভেম্বর দেশটির শাম্মি সিলভা নেতৃত্বাধীন পুরো বোর্ডকে বরখাস্ত করেন ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান অর্জুনা রানাতুঙ্গাকে প্রধান করে সাত সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। ১৯৭৩ সালের ক্রীড়া আইন নম্বর ২৫-এর ক্ষমতাবলে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ওই কমিটি গঠন করেন ক্রীড়ামন্ত্রী রোশান। পরদিন সেই প্রজ্ঞাপনের ওপর ১৪ দিনের স্থগিতাদেশ জারি করে দেশটির আপিল বিভাগ।

এর আগে একই কারণে জিম্বাবুয়ে ক্রিকেটকে নিষিদ্ধ করেছিল আইসিসি। ফলে ২০২১ টি-২০ বিশ্বকাপে অংশ নিতে পারেনি তারা। অবশ্য শ্রীলঙ্কার ক্রীড়াক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঘটনা এই প্রথম নয়। এ বছরের শুরুতেই দেশটির ফুটবল ফেডারেশনের নির্বাচনে ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপে’র অভিযোগে ফিফার তরফ থেকে সদস্যপদ স্থগিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত