বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হচ্ছে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে উন্মাদনার শেষ নেই সমর্থকদের মাঝে। এর আগে উরুগুয়ের বিপক্ষেও লড়বে বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগামী ১৭ নভেম্বর ঘরের মাঠে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২২ নভেম্বর ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে মাঠে গড়াবে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই। ম্যাচ দুটির জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
দলে যথারীতি রয়েছেন দলের প্রধান তারকা লিওনেল মেসি। প্রায় অপরিচিত দুটি মুখকে ডাকা হয়েছে এই স্কোয়াডে। তারা হলেন- পাবলো মাফেও এবং ফ্রান্সিসকো ওরতেগা।
মাফেও একজন স্প্যানিশ রাইটব্যাক এবং মায়ের সূত্রে একজন আর্জেন্টাইনও। তাকে বেশ কিছু সময় ধরে নজরে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে ওরতেগা আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ এবং ২৩ জাতীয় দলের হয়ে খেলেছিলেন। প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেলেন এই ২৪ বছর বয়সী ফুটবলার।
দুই নতুন মুখকে দলে ডাকার কারণও রয়েছে। পেশির জয়েন্টের চোট নিয়ে বাদ পড়েছেন জুয়ান ফয়েথ। এছাড়া পুরোপুরি ফিট নন মার্কোস আকুনা, যদিও দলে রাখা হয়েছে তাকে।
এছাড়া আগের কয়েকটি ম্যাচের স্কোয়াডে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড আলেজান্দ্রো গার্নাচোকে এবারের দলে রাখা হয়নি। তবে দলে ফিরেছেন আনহেল ডি মারিয়া ও পাউলো দিবালা। চোটের কারণে আগের দুটি ম্যাচে তারা ছিলেন না।
কাতার বিশ্বকাপ জয়ের পর এখন পর্যন্ত অপরাজিত আছেন লিওনেল মেসিরা। বাছাইয়ের চার ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলে আছেন শীর্ষে। উরুগুয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থান তৃতীয়।
আর্জেন্টিনা স্কোয়াড: লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, অ্যাক্সেকুয়েল পালাসিওস, জিওভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ, পাউলো দিবালা, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস ও লুকাস ওকাম্পোস ফ্রাঙ্কো আরমানি, জুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, গঞ্জালো মন্টিয়েল, পাবলো মাফেও, ফ্রান্সিসকো ওরতেগা, নাহুয়েল মোলিনা, জার্মান পাজেলা, ক্রিস্টিয়ান রোমেরো, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়েন্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ।
