শরীয়তপুরের ভেদরগঞ্জে খাদ্যগুদাম কর্মকর্তার বাসভবন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল মাহমুদের বাসভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।
অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির ৩ বস্তা ও ৫০ কেজির ১০ বস্তাসহ মোট ১৩ বস্তা চাল এবং ১ হাজার ১০০ খালি চালের বস্তা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালের বস্তাগুলো জব্দ করে বাসভবনটি সিলগালা করে দেওয়া হয়।
ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, খাদ্যগুদাম একটি স্পর্শকাতর জায়গা। এখানে সরকারের বিভিন্ন চাল মজুদ রাখা হয়। সরকারি নির্দেশনা ছাড়া এখান থেকে এক বস্তা চালও বাইরে যাওয়ার সুযোগ নেই। কিন্তু খাদ্যগুদাম কর্মকর্তা নিজ বাসভবনে নিয়ে চালগুলো রেখেছেন। আমরা বিষয়টি জানতে চাইলে এর কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। এ কারণেই চালগুলো জব্দ করে বাসভবনটি সিলগালা করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
