ইডেন গার্ডেনসে ব্যাট-বলের চেয়ে বরং কাগজ-কলম ও ক্যালকুলেটর নিয়ে অঙ্কের সমীকরণ মেলাতে একাট্টা হয়েছিল পাকিস্তান। নানা জটিল সমীকরণের মারপ্যাঁচে আটকে ছিল পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা। জস বাটলার টস জেতার সঙ্গে সঙ্গেই সে সবের উপরে জল ঢেলে দেয় ইংল্যান্ড। বাকি যেটুকু সম্ভাবনা ছিল তা-ও শেষ হয়ে যায় ইংল্যান্ডের বড় পুঁজি সংগ্রহের ফলে। আসরে দুই্ দলের শেষ ম্যাচে পাকিস্তানকে ৩৩৮ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। সেমিতে যেতে হলে যা করতে হবে ৬.৪ ওভারে।
এদিন জনি বেয়ারস্টো আর ডাভিড মালান উদ্বোধনী জুটিতেই তোলেন ৮২ রান। ৩৯ বলে ৩১ রান করা মালানকে ফেরান ইফতিখার আহমেদ। তবে ফিফটি তুলে নেন বেয়ারস্টো। তিনি থামেন ৬১ বলে ৫৯ রানের ইনিংস খেলে। এর পর তৃতীয় উইকেটে ১৩২ রানের জুটি গড়েন বেন স্টোকস ও জো রুট। দুজনেই দেখা পান ফিফটির। ৭৬ বলে ১১ চার ও ২ ছক্কায় ৮৪ রান করে আউট হন স্টোকস। জো রুট করেন ৭২ বলে ৬০ রান।
ইংলিশ অধিনায়ক জস বাটলার ঝড়ো গতিতে করেন ২৭ রান। ১৮ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। ১৭ বলে দুটি করে চার-ছক্কায় ৩০ রান করেন একাদশে সুযোগ পাওয়া হ্যারি ব্রুক। ৫০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ৩৩৭ রান। পাকিস্তানের হারিস রউফ ৩টি, শাহিনশাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম ২টি করে উইকেট শিকার করেন।
