নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে সহিংসতা প্রতিরোধসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। গতকাল শনিবার দুপুরে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকারকে আদিবাসী ও সংখ্যালঘুদের সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে ব্যবস্থা গ্রহণ, নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে সংখ্যালঘু ও আদিবাসীবিরোধী সহিংসতা প্রতিরোধ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান।
সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জসহ বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও নেতারা উপস্থিত ছিলেন।
