বেতন বৃদ্ধির দাবিতে আবার ও সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন পোশাক শ্রমিকরা। কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে অবরোধ কর্মসূচি পালন করছেন।
রোববার সকাল সোয়া ৮টায় মিরপুর-১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকশ শ্রমিক। এর পর তারা মিরপুর ১০ নম্বরে এসে অবস্থান নেন। শ্রমিকদের অবরোধে মিরপুর ১৩, ১৪ ও ১০ নম্বরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এ সময় মূল সড়কসহ আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে অংশ নেয়া গার্মেন্টস শ্রমিকরা বেশিরভাগ মিরপুর ১৩ নম্বরের আশপাশের গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।
এদিকে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে শ্রমিকদের মুখোমুখি অবস্থান নিতে দেখা গেছে।
গত কিছুদিন ধরে ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলন করে আসছেন। ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করে মজুরি বোর্ড। এ ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।
এদিকে মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মুজুরি সাড়ে ১২ হাজার টাকা প্রত্যাখ্যান করে আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় অন্তত শতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
