জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ‘এলাকায় এখন কেউ না খেয়ে থাকার মতো লোক নেই। ছেঁড়া কাপড় পরা ও খালি পায়ে হাঁটা কোনো মানুষ এখন আর নেই।’
আজ রবিবার পাবনার বেড়া উপজেলায় নাকালিয়া আনোয়ারা কাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে শামসুল হক টুকু বলেন, শিক্ষার্থীর মাঝে বই বিতরণ, উপবৃত্তি ও বিদ্যালয়ে স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। শেখ হাসিনা সরকারের সময়ে গ্রাম অঞ্চলের বিদ্যালয়ে বহুতল-দৃষ্টিনন্দন ভবন এখন আর স্বপ্ন নয়, এখন দৃশ্যমান বাস্তবতা।’
শিশুদের পড়ালেখা নির্বিঘ্ন করতে বছরের প্রথম দিনে বিনামূল্যে বই দেওয়া হচ্ছে বলে জানিয়ে ডেপুটি স্পিকার আরো বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপবৃত্তি দেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার প্রকল্প নেওয়া হচ্ছে। প্রতিটি শিশুকেই রাষ্ট্র মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চায়।’
স্থানীয়দের উদ্দেশে শামসুল হক টুকু বলেন, গত ১৫ বছরে এই এলাকার কতটুকু উন্নয়ন হয়েছে, শিক্ষা ব্যবস্থা কেমন ছিলো বর্তমানে কতটুক উন্নত হয়েছে তার মূল্যায়ন জনগণ করবে।
