চলন্ত ট্রেনে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রেলের এক টিটির বিরুদ্ধে। এই ঘটনায় বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করে একটি ট্রেন প্রায় এক ঘণ্টা আটকে রেখে।
রোববার রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর ষ্টেশনে প্রবেশ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করে রাখে। পরে উভয়পক্ষের সমঝোতার পর সোয়া ৯টায় ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে দুপুরে চলন্ত ট্রেনে শিক্ষার্থীকে মারধর করা হয়।
রেলপথ অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম ও সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম। মারধরের শিকার হাবিপ্রবির কম্পিউটার অ্যান্ড সাইন্স বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক।
জানা গেছে, ঢাকা থেকে আব্দুর রাজ্জাক ও তার বন্ধু মিলে একতা এক্সপ্রেস ট্রেনে করে দিনাজপুরে আসছিলেন। পথে টিটি বিশ্বজিৎ তাদের টিকিট চেক করেন। এসময় তারা একটি টিকেট দেখাতে সক্ষম হলে তাদের কাছে টাকা দাবি করে ওই টিটি। টাকা দিতে কিছুটা বিলম্ব হওয়ায় তাদের মাঝে বাকবিতণ্ডা বাঁধে। এক পর্যায়ে অভিযুক্ত টিটি ও তার সহকারী মিলে আব্দুর রাজ্জাককে মারধর করে।
আব্দুর রাজ্জাক বলেন, টিটি বিশ্বজিৎ যখন আমাদের কাছে টিকিট দেখতে চায় তখন আমরা একটি টিকিট দেখাই। অপর টিকিট আমাদের কাছে জরিমানা স্বরূপ টাকা দাবি করে। আমার কাছে তখন বেশি টাকা না থাকায় বন্ধুর কাছ থেকে নিয়ে দিতে চাই। কিন্তু তিনি দেরি করতে না চাওয়ায় বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি এবং তার সহকারী মিলে মারধর করে।
দিনাজপুর স্টেশন সুপার জিয়উল হক বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি। রেলওয়ে কর্তৃপক্ষ আগামী তিন দিনের মধ্যে দোষীদের ব্যবস্থা গ্রহণ করবে এমন আশ্বাস প্রদান করেছে। পরে বিক্ষুব্ধরা রেল লাইন ছেড়ে দেয়।
