সিরিয়ায় দুই ইরানি স্থাপনায় মার্কিন হামলা, ইরানপন্থী যোদ্ধা নিহত

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১২:৩১ পিএম

সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানের দুই ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে করে মার্কিন হামলায় ছয় থেকে সাতজন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে বলে জানা গেছে।

ফক্স নিউজের একজন সাংবাদিকের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও বিবিসি।

এদিকে সিরিয়ার ইরানি ঘাঁটিতে হামলার তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের ওপর ইরান সমর্থিত গোষ্ঠীর হামলার জেরেই আত্মরক্ষামূলক এসব হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটি।

রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে জানান, 'মার্কিন সামরিক বাহিনী রোববার পূর্ব সিরিয়ায় ইসলামি রেভুলশনারি গার্ড গ্রুপ (আইআরজিসি) এবং ইরান-সংশ্লিষ্ট গ্রুপগুলোর ব্যবহৃত স্থাপনায় হামলা চালিয়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার জবাবে তা করা হয়েছে।'

তিনি বলেন, 'আবু কামাল এবং মায়াদিন নগরীতে যথাক্রমে একটি প্রশিক্ষণ স্থাপনা এবং একটি সেইফ হোমে ওই হামলা দুটি চালানো হয়।'

বিবৃতিতে আরও বলা হয়, “মার্কিন কর্মীদের নিরাপত্তার চেয়ে প্রেসিডেন্টের কাছে কোনো উচ্চ অগ্রাধিকার নেই। তিনি আজকের পদক্ষেপের নির্দেশ দিয়ে স্পষ্ট করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে, কর্মীদের এবং তার স্বার্থ রক্ষা করবে।"

তিন সপ্তাহের মধ্যে এবার তৃতীয়বারের মতো সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট স্থাপনায় মার্কিন সামরিক বাহিনী হামলা চালাল। এছাড়া যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে, ইরান-সমর্থিত বিভিন্ন গ্রুপ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত